শুক্রবার ● ১২ জুন ২০২৬

মোংলায় কোস্ট গার্ড স্টেশনে হামলা মামলায় আটক ৬

হোম » খুলনা » মোংলায় কোস্ট গার্ড স্টেশনে হামলা মামলায় আটক ৬
শুক্রবার ● ১২ জুন ২০২৬


মোংলায় কোস্ট গার্ড স্টেশনে হামলা মামলায় আটক ৬

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলার সুন্দরবনসংলগ্ন জয়মনিরঘোল এলাকায় কোস্ট গার্ডের হাড়বাড়িয়া স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪৪ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মোংলা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, বৃহস্পতিবার সকালে জয়মনিরঘোল এলাকায় অবস্থিত কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন-মুক্তা খাতুন (৩০), লিজা ইসলাম (২৩), তাসলিমা বেগম (৫০), সুলতান শেখ (৫৫), মহারাজ খান (৫০) ও মো. শাহজালাল ফরাজী (২০)।

কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার এম. মিসবাউল ইসলাম বলেন, মোংলার জয়মনিরঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এ কারণে সেখানে কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়েছে। স্টেশনটি স্থাপনের ফলে বনদস্যুদের কাছে রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পথ কার্যকরভাবে বাধাগ্রস্ত হয়েছে। এতে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই বনদস্যু ও তাদের সহযোগীরা ওই এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি চায় না। সে কারণেই দস্যুতা ও দস্যু পরিবারের সঙ্গে জড়িত দুর্বৃত্তরা কোস্ট গার্ড স্টেশনে এ হামলা চালিয়েছে।

পুলিশ ও যৌথ বাহিনী জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৫:১২ ● ১৫ বার পঠিত