শুক্রবার ● ১২ জুন ২০২৬
মোংলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
হোম » প্রযুক্তি » মোংলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) মোংলা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা এবং ব্যবসায়িক চিন্তাভাবনার বিকাশ ঘটানোর লক্ষ্যে ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় ১০টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও ধারণা প্রদর্শন করেন। এতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং ইনোভেশন আইডিয়া- এই তিনটি ক্যাটাগরিতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আয়োজকরা আরও জানান, প্রদর্শিত প্রযুক্তি ও উদ্ভাবন মানুষের শ্রম কমানোর পাশাপাশি স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমাজের বিভিন্ন সমস্যার টেকসই ও লাভজনক সমাধান দিতে সহায়ক হবে।
মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, নুর আলম শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ও প্রকল্প পরিদর্শন করেন। শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় ইনোভেশন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে সেন্ট পলস উচ্চ বিদ্যালয়। বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে দ্বিতীয় স্থান লাভ করে হলদিবুরিয়া মাধ্যমিক বিদ্যালয়। আর ‘স্মার্ট নগরী’ প্রদর্শনের জন্য তৃতীয় স্থান অর্জন করে মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়।
বাংলাদেশ সময়: ১৪:৪৯:২৭ ● ২৬ বার পঠিত
