শুক্রবার ● ১২ জুন ২০২৬
কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুজনের কারাদণ্ড
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুজনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পরিবহন খাতের চালক ও সহকারীদের মাদকমুক্ত রাখা এবং মাদক পরিবহন প্রতিরোধে পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
অভিযান চলাকালে সৌরভ ভুইয়া (২৭) ও ইমরান হোসেন (২২)-কে মাদক পরিবহনের অভিযোগে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাদের দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সৌরভ ভুইয়াকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই আইনে ইমরান হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি দল সহযোগিতা করে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে গাঁজা ও ইয়াবা পরিবহনের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ৫:৫৮:৫৫ ● ২৭ বার পঠিত
