মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
বাউফলে গাড়িতে ধাক্কা ও মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
হোম » পটুয়াখালী » বাউফলে গাড়িতে ধাক্কা ও মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে মঙ্গলবার দুপুরে গাড়িতে ধাক্কা দেওয়ার কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে এক গাড়ির চালককে তিন দফায় মারধর এবং গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবদুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগকারী কালাইয়া হাটের ইজারাদার ও উচ্চতর ডিগ্রিধারী হিসাববিদ (এফসিএ) মো. রাজিব হোসেন জানান, সোমবারের গরুর হাটের খাজনার টাকা ব্যাংকে জমা দিতে মঙ্গলবার দুপুরে তিনি ব্যক্তিগত গাড়িতে করে কালাইয়ার উদ্দেশে রওনা হন। গাড়ি চালাচ্ছিলেন মো. শাহিন মিয়া (৫৩)।
তার দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে পৌঁছানোর পর পেছন দিক থেকে মোটরসাইকেলে থাকা আবদুল্লাহ আল ফাহাদ কয়েকবার তাদের গাড়িতে ধাক্কা দেন। পরে পলি ডায়াগনস্টিকের সামনে চালক শাহিন মিয়া এর কারণ জানতে চাইলে ফাহাদ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি আরও জানান, স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়িটি পাশের এলাকায় সরিয়ে রাখেন। এ সময় তাকে একটি ডায়াগনস্টিক সেন্টারে এবং চালককে পাশের একটি দোকানে রাখা হয়। পরে সেখানে ছাত্রদলের আরও কয়েকজন নেতা-কর্মী জড়ো হন। এরপর চালককে আরও দুই দফা মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে গাড়ির চাবি নিয়ে অন্য একজন চালকের মাধ্যমে গাড়িটি নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন রাজিব হোসেন। তিনি দাবি করেন, গাড়ির ভেতরে থাকা হাটের খাজনার টাকাসহ গাড়িটি নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবদুল্লাহ আল ফাহাদ সাংবাদিকদের বলেন, তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় যানজটে একটি গাড়ির পাশ দিয়ে যেতে চেষ্টা করেন। এ সময় ওই গাড়ির চালক তার হাত ধরে টেনে কারণ জানতে চান।
তিনি দাবি করেন, কোনো গাড়িতে ধাক্কা দেননি এবং টাকাসহ গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগও সম্পূর্ণ মিথ্যা। চলন্ত মোটরসাইকেলে তার হাত ধরে টান দেওয়ায় তিনি ও তার স্ত্রী ঝুঁকির মধ্যে পড়েন বলেও জানান তিনি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ২০:০০:২৭ ● ২৫ বার পঠিত
