সোমবার ● ৮ জুন ২০২৬

গলাচিপা হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে, অধিকাংশই শিশু

হোম » সর্বশেষ » গলাচিপা হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে, অধিকাংশই শিশু
সোমবার ● ৮ জুন ২০২৬


 

গলাচিপা হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে, অধিকাংশই শিশু

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক মাস ধরে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। মে মাস থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত ডায়রিয়ার প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে (সোমবার বিকেল পর্যন্ত) ডায়রিয়া আক্রান্ত ১৫০ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শিশু ৩৬ জন। বাকিরা পুরুষ ও নারী ওয়ার্ডে চিকিৎসাধীন। অনেক ওয়ার্ডে একই বেডে দুইজন রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে।

 

সরেজমিনে সোমবার দুপুরে হাসপাতালের শিশু ডায়রিয়া ওয়ার্ডে দেখা যায়, অতিরিক্ত রোগীর চাপে একাধিক শিশু একই বেডে চিকিৎসা নিচ্ছে। নতুন রোগী আসার কারণে স্বজনদের মধ্যে কিছুটা ভিড় ও উদ্বেগও লক্ষ্য করা গেছে।

 

ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের স্বজনরা সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, চিকিৎসা সেবা মোটামুটি ভালো হলেও বেড সংকট ও একাধিক রোগীকে একই বেডে রাখায় আরোগ্য প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা আশঙ্কা করছেন।

 

আক্রান্ত মো. ফেরদৌস (২৫)-এর বাবা সিদ্দিকুর রহমান ফারুক বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা সেবায় আমরা সন্তুষ্ট। ওষুধও ঠিকমতো পাচ্ছি।

 

একইভাবে রোগী তানভীর (৩০)-এর বাবা শফিক বলেন, মে মাসে ছেলেকে ভর্তি করেছি। ডাক্তাররা ভালো সেবা দিচ্ছেন।

 

আক্রান্ত রিপা বেগম (১৮)-এর বাবা সেলিম বলেন, ডাক্তারদের পাশাপাশি নার্সরাও অনেক পরিশ্রম করছেন। তাদের সেবা পেয়ে আমরা সন্তুষ্ট।

 

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সোনেকা রানী বলেন, মে মাস ও জুনের প্রথম সপ্তাহে ডায়রিয়া রোগীর সংখ্যা অনেক বেড়েছিল। এখন কিছুটা কমেছে।

 

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন জানান, অতিরিক্ত গরম, বিশুদ্ধ পানির সংকট এবং পঁচা-বাসী খাবার গ্রহণের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।

 

তিনি আরও বলেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতন থাকতে হবে। আক্রান্ত রোগীদের স্যালাইন, জিঙ্ক (সিরাপ ও ট্যাবলেট) দেওয়া হচ্ছে। বেশি আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধপত্র মজুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:১৬ ● ২০ বার পঠিত