সোমবার ● ৮ জুন ২০২৬

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন নলছিটির শিক্ষার্থী ইয়াছিন

হোম » শিক্ষা » আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন নলছিটির শিক্ষার্থী ইয়াছিন
সোমবার ● ৮ জুন ২০২৬


 

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন নলছিটির শিক্ষার্থী ইয়াছিন

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

আসন্ন ৩৭তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিতে যাচ্ছেন ঝালকাঠির নলছিটির মেধাবী শিক্ষার্থী মো. ইয়াছিন।

 

আগামী ১২ জুলাই থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত ইউরোপের দেশ লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে এ আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ৮০টিরও বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের লাল-সবুজের পতাকা বহন করে মেধার লড়াইয়ে অংশ নেবেন তিনি।

 

ইয়াছিন নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের মো. আল আমিন হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ-এর একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

 

এর আগে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) কর্তৃপক্ষের অধীনে সারা দেশে নিবন্ধিত প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ের সেরা ২০ জনের তালিকায় স্থান পান ইয়াছিন। পরবর্তীতে তিনি মাস্টার ক্যাম্পে নির্বাচিত ১০ জনের মধ্যে জায়গা করে নেন।

 

চূড়ান্ত বাছাই শেষে ওই ১০ জনের মধ্য থেকে বাংলাদেশ জাতীয় জীববিজ্ঞান দল-২০২৬ গঠনের জন্য চারজন শিক্ষার্থীকে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়। সেই চারজনের একজন হলেন ইয়াছিন।

 

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-এর উদ্যোগে গত ১৩ মে সাভারের এনআইবিতে বায়োক্যাম্প-২০২৬ উদ্বোধন করা হয়। সেখানে এনআইবির বিজ্ঞানী, গবেষক ও জীববিজ্ঞান বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। বাছাই কার্যক্রম শেষ হয় ১৬ মে।

 

নিজের অনুভূতি জানিয়ে মো. ইয়াছিন সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, তিনি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি হাতেম আলী কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন।

 

তিনি আরও বলেন, দীর্ঘ তিন বছরের পরিশ্রমের পর বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। ভবিষ্যতে আমি জীববিজ্ঞানী হতে চাই। নবম শ্রেণিতে পড়ার সময় ‘বিজ্ঞান চিন্তা’ ম্যাগাজিন থেকে বিডিবিও সম্পর্কে জানতে পারি। তখন থেকেই প্রস্তুতি শুরু করি। জীববিজ্ঞান যে এতটা আকর্ষণীয় হতে পারে, তা আগে বুঝিনি। ‘ক্যামবেল বায়োলজি’ বইটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে।

 

তিনি বিশ্বমঞ্চে দেশের জন্য সাফল্য বয়ে আনতে সবার দোয়া কামনা করেছেন।

 

এ বিষয়ে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান জানান, তাঁর প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করায় তিনি গর্বিত। তিনি আশা প্রকাশ করেন, ইয়াছিন আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:০৭ ● ২৬ বার পঠিত