সোমবার ● ৮ জুন ২০২৬

নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

হোম » পিরোজপুর » নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
সোমবার ● ৮ জুন ২০২৬


 

নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা কৃষি হলরুমে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাজিয়া শাহনাজ তমা। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন শপথ বৈরাগী, আব্দুল হালিম, ডা. মশিউর রহমান, ইশরাতুন্নেছা এশা এবং হীরা খাতুন প্রমুখ।

 

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিন লাখ টাকা পর্যন্ত আর্থিক বিরোধ, চুক্তি বা রশিদভিত্তিক অর্থ আদায়, অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা তার মূল্য আদায়, স্থাবর সম্পত্তি বেদখলের এক বছরের মধ্যে দখল পুনরুদ্ধার, অস্থাবর সম্পত্তি জবরদখল এবং স্ত্রীর ভরণপোষণ সংক্রান্ত মামলাসহ বিভিন্ন বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যায়।

 

তারা আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি সম্ভব হবে এবং উচ্চ আদালতের ওপর মামলার চাপও কমবে। এ জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবাসমূহ সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:১৩ ● ৩৬ বার পঠিত