রবিবার ● ৭ জুন ২০২৬

আর্জেন্টিনা জার্সি পরে এলে রোগীদের ফ্রি চিকিৎসা দেবেন মির্জাগঞ্জের চিকিৎসক

হোম » খেলা » আর্জেন্টিনা জার্সি পরে এলে রোগীদের ফ্রি চিকিৎসা দেবেন মির্জাগঞ্জের চিকিৎসক
রবিবার ● ৭ জুন ২০২৬


আর্জেন্টিনা জার্সি পরে এলে রোগীদের ফ্রি চিকিৎসা দেবেন মির্জাগঞ্জের চিকিৎসক

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

 

ফুটবলপ্রেমী আর্জেন্টিনা সমর্থক রোগীদের জন্য ব্যতিক্রমী এক ঘোষণা দিয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম রনি। তিনি জানিয়েছেন, আর্জেন্টিনা সমর্থকদের জন্য হাফ ভিজিটে চিকিৎসা সেবা এবং নির্দিষ্ট শর্তে বিনামূল্যে পরামর্শ দেওয়া হবে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে রবিবার (৭ জুন) রাত পৌনে আটটার দিকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। বিষয়টি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রশংসা তৈরি হয়েছে।

 

ঘোষণা অনুযায়ী, ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়ে এবং আর্জেন্টিনা দলের খেলার দিনগুলোতে তার ব্যক্তিগত চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ পাবেন। পাশাপাশি সমর্থক হিসেবে পরিচয় দিলে হাফ ভিজিটে সেবা দেওয়া হবে।

 

এ বিষয়ে ডাঃ সাইফুল ইসলাম রনি বলেন, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি।

 

তিনি আরও জানান, বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার সমর্থকরা সেবা নিতে এলে হাফ ভিজিট এবং দলের জার্সি পরে এলে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা পরামর্শ দেওয়া হবে।

 

চিকিৎসক বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দেয়। সেই আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সবাইকে নিজেদের পছন্দের দলকে সমর্থনের পাশাপাশি স্বাস্থ্য সচেতন থাকার আহ্বান জানান।

 

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ উদ্যোগকে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা ইতিবাচক ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:১০ ● ১৪ বার পঠিত