রবিবার ● ৭ জুন ২০২৬

কীটনাশকসহ মালামাল জব্দ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করে শুঁটকি তৈরির অবৈধ আস্তানা ধ্বংস

হোম » জেলে-মৎস্য » কীটনাশকসহ মালামাল জব্দ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করে শুঁটকি তৈরির অবৈধ আস্তানা ধ্বংস
রবিবার ● ৭ জুন ২০২৬


 

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করে শুঁটকি তৈরির সময় অবৈধ আস্তানা ধ্বংস, কীটনাশকসহ মালামাল জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনে বিষ (কীটনাশক) প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করে শুঁটকি তৈরির অভিযোগে একটি অবৈধ চক্রের আস্তানা ধ্বংস করেছে বন বিভাগ। এ সময় দুই বস্তা শুঁটকি, চার বোতল কীটনাশক, দুটি ডিঙি নৌকাসহ মাছ আহরণ ও শুঁটকি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

 

বন বিভাগের অভিযানের সময় চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ধ্বংস করে দেওয়া হয় অবৈধ শুঁটকি তৈরির আস্তানাটি, এ তথ্য বন বিভাগের।

 

চরাপুটিয়া ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদাজ্জামান বলেন, অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে বনে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার করেন। বনের মধ্যে বিশেষ কায়দায় তৈরি করা মাচায় সেই বিষাক্ত মাছ আগুনের তাপে শুকিয়ে শুঁটকি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া ফরেস্ট অফিসের শিয়ালা নদীর অফিস খাল এলাকায় এ অভিযান চালানো হয়।

 

তিনি আরও বলেন, অভিযানের সময় জেলেরা গহীন বনে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে শুঁটকি, কীটনাশক ও নৌকাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয় এবং আস্তানাটি ধ্বংস করা হয়েছে।

 

বন বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে ৪-৫ জনের একটি দল সক্রিয় ছিল। পলাতকদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের নিরাপদ প্রজননের স্বার্থে সুন্দরবনে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস বনজীবী ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।

বাংলাদেশ সময়: ২০:৩১:১০ ● ১৬ বার পঠিত