রবিবার ● ৭ জুন ২০২৬
মঠবাড়িয়ায় অনুমোদন ছাড়া হাসপাতাল পরিচালনায় জরিমানা, ২০ দিনের আল্টিমেটাম
হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় অনুমোদন ছাড়া হাসপাতাল পরিচালনায় জরিমানা, ২০ দিনের আল্টিমেটাম

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রয়োজনীয় অনুমোদন ও স্বাস্থ্য বিভাগের মূল লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনার অভিযোগে একটি বেসরকারি হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বৈধ লাইসেন্স গ্রহণের জন্য হাসপাতালটিকে ২০ দিনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার ধানহাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌমিত্র সিনহা রায়।
অভিযানে হাসপাতাল রোড সংলগ্ন ধানহাটা এলাকায় অবস্থিত টপটেন জেনারেল হাসপাতালের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি স্বাস্থ্য বিভাগের মূল লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হয়। তবে তাদের ফায়ার লাইসেন্স ও ট্রেড লাইসেন্স থাকলেও স্বাস্থ্য বিভাগের চূড়ান্ত অনুমোদন ছাড়াই কার্যক্রম চালানোর প্রমাণ পাওয়া মেলে।
অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছিল এবং সিজারিয়ান অপারেশনও পরিচালিত হয়ে আসছিল।
আরএমও সৌমিত্র সিনহা রায় জানান, স্বাস্থ্য বিভাগের মূল লাইসেন্স ছাড়া কোনো হাসপাতাল পরিচালনা করা আইনত দণ্ডনীয়। টপটেন জেনারেল হাসপাতাল অনুমোদন ছাড়াই কার্যক্রম চালাচ্ছিল, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করে এবং ২০ দিনের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র সংগ্রহে ব্যর্থ হলে হাসপাতালটির বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২০:২৩:৫৪ ● ১৯ বার পঠিত
