শনিবার ● ৬ জুন ২০২৬
বিশ্ব পরিবেশ দিবসে বরগুনায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা
হোম » বরগুনা » বিশ্ব পরিবেশ দিবসে বরগুনায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ।
শনিবার (৬ জুন) বিকেলে বরগুনা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশের সহযোগিতায় কর্মসূচিটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেটওয়ার্কের সদস্য সংগঠন হিসেবে সাকো, প্রান্তজন ও ডোক্যাপ অংশ নেয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। এতে শিশু ও কিশোর কিশোরীরা তাদের চিত্রকর্মের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরে। অন্যদিকে বিতর্ক প্রতিযোগিতায় দুটি দল পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও সামাজিক দায়িত্ববোধ বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে। অনুষ্ঠান শেষে অর্ধশতাধিক বৃক্ষের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ররঞ্জন শীল, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, শিল্পকলার চারুকলা প্রশিক্ষক মো. তৌফিক হোসেন, নৃত্য প্রশিক্ষক জিয়ান জিয়া, সাংবাদিক মহিউদ্দিন অপু, পরিবেশকর্মী আরিফুর রহমান, যুব সংগঠক হেদায়েতুল্লাহ এবং গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক মো. আরিফুল ইসলাম মান্না।
বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ররঞ্জন শীল বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, অংশগ্রহণকারীদের উৎসাহ ও দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছে।
অতিথিরা অংশগ্রহণকারীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আহ্বান জানান।
পরে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ সময়: ২১:৫৫:০৪ ● ৫০ বার পঠিত
