মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬
বাউফলে ছাত্রদল সভাপতির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
হোম » পটুয়াখালী » বাউফলে ছাত্রদল সভাপতির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রদল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিলটি বাউফল পাবলিক মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের পুত্র রাইয়ান আকাশ তালুকদার, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়াজ খান, সিনিয়র সহসভাপতি রাসেল ইকবাল দুখু, সাংগঠনিক সম্পাদক মারজান বিন জাহাঙ্গীর এবং বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর।
বক্তারা দাবি করেন, ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। তারা তার নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানান।
আদালত সূত্রে জানা গেছে, ছিনতাই, চাঁদাবাজি ও হামলার একটি মামলায় সোমবার (২২ জুন) পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আব্দুল্লাহ আল ফাহাদ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বাউফল পৌর শহরের বাজার ব্রিজসংলগ্ন এলাকায় ফল ব্যবসায়ী আল-আমিনের দোকানে হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আল-আমিনের বাবা ফজলুল হক মৃধা বাদী হয়ে আব্দুল্লাহ আল ফাহাদসহ কয়েকজনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৪:৪১:৪৬ ● ১৪ বার পঠিত
