শনিবার ● ৬ জুন ২০২৬

মোংলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

হোম » সর্বশেষ » মোংলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান
শনিবার ● ৬ জুন ২০২৬


 

মোংলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট 

 

 

বাগেরহাটের মোংলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিশেষ সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ডেঙ্গু প্রতিরোধে এখন থেকে প্রতি শনিবার নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

শনিবার (৬ জুন) সকাল ১১টায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে এ উদ্যোগ নেওয়া হয়।

 

অভিযান শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতাল বা সরকারি দপ্তর পরিষ্কার রাখলেই হবে না; উপজেলার প্রতিটি বাড়ির আঙিনা, ফুলের টব এবং জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। জনসচেতনতা বৃদ্ধি ছাড়া ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব নয়।

 

এ বিষয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন বলেন, মোংলা অঞ্চলে সম্প্রতি ডেঙ্গু রোগের প্রকোপ অনেক বেড়েছে। হাসপাতাল চত্বরকে মশামুক্ত রাখতে আমরা এখন থেকে প্রতি শনিবার নিয়মিত এই ক্র্যাশ প্রোগ্রাম বা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব। তবে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে কেবল আমাদের একার চেষ্টা যথেষ্ট নয়, সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা প্রয়োজন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

 

উদ্বোধনের পর অতিথিবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা হাসপাতাল চত্বরের বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার করেন এবং জমে থাকা পানিতে মশকনিধন স্প্রে ছিটান।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪৯ ● ৩০ বার পঠিত