শুক্রবার ● ৫ জুন ২০২৬
নেছারাবাদে স্বামীর সঙ্গে অভিমানে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যা
হোম » পিরোজপুর » নেছারাবাদে স্বামীর সঙ্গে অভিমানে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে স্বামীর সঙ্গে অভিমানের জেরে জয়িতা মণ্ডল (২১) নামে এক অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জয়িতা মণ্ডল ওই গ্রামের পরিতোষ মণ্ডলের মেয়ে। তিনি এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পাঁচ মাস আগে একই ইউনিয়নের অমল মণ্ডলের ছেলে অসীম মণ্ডলের সঙ্গে তার বিয়ে হয়। পরিবারের দাবি, জয়িতা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
জয়িতার আপন কাকা হরিপদ মণ্ডল জানান, শুক্রবার দুপুরে বাবার বাড়িতে অবস্থানকালে মোবাইল ফোনে স্বামী অসীম মণ্ডলের সঙ্গে কথা বলছিলেন জয়িতা। কথোপকথনের একপর্যায়ে তাদের মধ্যে অভিমান হয়। পরে জয়িতার মা গোসল শেষে ফিরে এসে দুপুরের খাবারের জন্য জয়িতাকে খুঁজতে থাকেন। পরে নিজের ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান জয়িতাকে।
স্থানীয়রা পুলিশে খবর দিলে নেছারাবাদ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্বামীর সঙ্গে অভিমান করে জয়িতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৫১:১১ ● ১১৩ বার পঠিত
