বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬

কলাপাড়ায় বাৎসরিক হরিনাম কীর্তন ও মতুয়াভক্ত মিলনমেলা অনুষ্ঠিত

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বাৎসরিক হরিনাম কীর্তন ও মতুয়াভক্ত মিলনমেলা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬


কলাপাড়ায় বাৎসরিক হরিনাম কীর্তন ও মতুয়াভক্ত মিলনমেলা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় পাখিমারা সার্বজনীন মতুয়া হরিমন্দিরে বাৎসরিক হরিনাম কীর্তন, মতুয়াভক্ত মিলনমেলা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির আয়োজনে বুধবার (৩ জুন, বাংলা ১৯ জ্যৈষ্ঠ) দিনব্যাপী নানা অনুষ্ঠান শেষে রাতে এ হরিনাম কীর্তন ও মতুয়াভক্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মতুয়া ভক্তরা দলে দলে অংশগ্রহণ করেন। মোট ৮টি দলসহ স্থানীয় মিলিয়ে সহস্রাধিক ভক্ত অনুষ্ঠানে একত্রিত হন। ভক্তদের উপস্থিতিতে মন্দির আঙিনা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ঢাক-কাঁসর ও হরিনাম সংকীর্তনে পুরো এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ মহোৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্দির কমিটির সভাপতি সুশীতল সরকার বলেন, সার্বজনীন মতুয়া হরি মন্দিরে দীর্ঘ তিন বছর যাবৎ অনুষ্ঠান বন্ধ ছিল। এ বছর সকল ভক্তের সম্মতিক্রমে ও অর্থায়নে আমরা এ অনুষ্ঠান করেছি। আমরা চাই সকলের অংশগ্রহণে মন্দিরটি আরও ভালোভাবে পরিচালিত হোক, তাই সকলের সহযোগিতা কামনা করছি।

মন্দিরের সাধারণ সম্পাদক শিক্ষক শংকর বিশ্বাস বলেন, কলাপাড়া উপজেলায় এ মন্দিরটি সরকারি রেজিস্ট্রেশনকৃত হলেও আমরা কোনো সরকারি সহায়তা পাই না। মন্দিরের অনেক উন্নয়ন কাজ বাকি রয়েছে। সরকারি সহায়তা পেলে কাজগুলো সম্পন্ন করতে পারতাম। তাই মাননীয় এমপি এবিএম মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদের সুদৃষ্টি কামনা করছি।


এনজিএন/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫২:৪৪ ● ৩১ বার পঠিত