বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬
দশমিনায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
হোম » পটুয়াখালী » দশমিনায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ঠাকুরেরহাট খাল থেকে আনোয়ার হাওলাদার (৭০) নামে এক নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত আনোয়ার হাওলাদার উপজেলার আদমপুর ইউনিয়নের বহরমপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার হাওলাদার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। প্রায় তিন দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ঠাকুরেরহাট খাল থেকে তার মরদেহ উদ্ধারের খবর জানতে পারেন।
নিহতের ছেলে আলাউদ্দিন হাওলাদার বলেন, বাবাকে খুঁজে না পেয়ে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। পরে স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর জানতে পারি।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি কোনো অপরাধমূলক ঘটনা বলে মনে হচ্ছে না। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসবি/এমআর
বাংলাদেশ সময়: ১৮:২৫:৫৩ ● ১৮ বার পঠিত
