মঙ্গলবার ● ২ জুন ২০২৬
চরফ্যাশনে নবজাতকের মৃত্যু: সৌদিয়া ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ
হোম » লিড নিউজ » চরফ্যাশনে নবজাতকের মৃত্যু: সৌদিয়া ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে লাইসেন্সবিহীন বা মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে অনভিজ্ঞ জনবল দিয়ে ঝুঁকিপূর্ণ সিজারসহ বিভিন্ন চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগ উঠেছে। এতে প্রায়ই নবজাতক ও প্রসূতির মৃত্যুর মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ জুন) উপজেলা শহরের হাসপাতাল রোডে অবস্থিত সৌদিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এক নবজাতকের মৃত্যু হয়। চিকিৎসকের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছে- এমন অভিযোগ তুলে স্বজনরা বিষয়টি প্রশাসনের নজরে আনেন। পরে ঘটনাস্থলে তদন্তে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন।
তিনি বলেন, এ ঘটনায় রোগীর স্বজন এবং চিকিৎসক- উভয় পক্ষেরই ভুল রয়েছে। প্রসব প্রক্রিয়া প্রায় ৫০ শতাংশ ঝুঁকিপূর্ণ জেনেও স্বজনরা এখানে ডেলিভারি করিয়েছেন, আর চিকিৎসকেরও উচিত ছিল রোগীকে উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানো।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির লাইসেন্সের মেয়াদ না থাকায় নবায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত সিজারসহ সব ধরনের সার্জিক্যাল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মে একই উপজেলার ইকরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গর্ভের সন্তানসহ এক নারীর মৃত্যু ঘটে। ওই ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ তুলে বিচার দাবিতে মানববন্ধনও অনুষ্ঠিত হয়। জনরোষের মুখে ওই প্রতিষ্ঠানের চিকিৎসক আঁখি আক্তার চরফ্যাশন এলাকা ছাড়তে বাধ্য হন বলে জানা যায়।
এর আগে হাসপাতাল রোডের আদদ্বীন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারেও এক গর্ভবতীর মৃত্যুর ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, ভুল চিকিৎসার পর তাকে অচেতন অবস্থায় দ্রুত অ্যাম্বুলেন্সে ভোলা পাঠানো হয়। পরে ভোলায় পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই সময় চিকিৎসাসেবার মান নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করে কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে সাধারণ রোগীরা বারবার স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
বাংলাদেশ সময়: ২০:১৫:৪১ ● ৩৫ বার পঠিত
