রবিবার ● ৩১ মে ২০২৬

ভোলায় বিদ্যুৎ সংকটে মানববন্ধন, আন্দোলনকারীদের আলটিমেটাম

হোম » ভোলা » ভোলায় বিদ্যুৎ সংকটে মানববন্ধন, আন্দোলনকারীদের আলটিমেটাম
রবিবার ● ৩১ মে ২০২৬


 

ভোলায় বিদ্যুৎ সংকটে মানববন্ধন, আন্দোলনকারীদের আলটিমেটাম

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

নিজস্ব গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তীব্র লোডশেডিংয়ের কারণে চরম দুর্ভোগে পড়েছেন ভোলার বাসিন্দারা। প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও রোগীরা।

 

এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রোববার (৩১ মে) সকালে ভোলা শহরের বাংলাবাজার এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে ভোলা বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ জেলা হিসেবে পরিচিত হলেও জেলার মানুষ নিয়মিত বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

 

তারা আরও বলেন, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে। একই সঙ্গে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

 

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। এ সময় আগামী ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধানে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলটিমেটাম দেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১৫ ● ২৭ বার পঠিত