রবিবার ● ৩১ মে ২০২৬
বাউফলে তালাবদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, তদন্তে নেমেছে পুলিশ
হোম » লিড নিউজ » বাউফলে তালাবদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, তদন্তে নেমেছে পুলিশ

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
শনিবার (রাত) পৌর শহরের কুন্ডুপট্টি সড়কে অবস্থিত আওয়ামী লীগের (জুয়েল গ্রুপ) কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় বলে জানা যায়। পরে পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
তবে রোববার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে ওই কার্যালয়ের সামনে দলীয় পতাকা দেখা গেলেও জাতীয় পতাকা উড়তে দেখা যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে পথচারীরা কার্যালয়ের সামনে থাকা পতাকা স্ট্যান্ডে জাতীয় ও দলীয় পতাকা উড়তে দেখতে পান। ওই সময় কার্যালয়টি তালাবদ্ধ ছিল। ফলে কে বা কারা এবং কীভাবে সেখানে পতাকা উত্তোলন করেছে- তা নিয়ে এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে বাউফল থানার অদূরে পৃথক একটি দলীয় কার্যালয় স্থাপন করে কার্যক্রম পরিচালনা করতেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল। স্থানীয়ভাবে কার্যালয়টি ‘জুয়েল গ্রুপের কার্যালয়’ নামে পরিচিত।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় ‘জনতা ভবনে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ একাধিক মামলায় কারাবন্দী রয়েছেন। অন্যদিকে, সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল পলাতক রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বাউফল থানার পাশের ব্যস্ত সড়কে অবস্থিত একটি তালাবদ্ধ রাজনৈতিক কার্যালয়ে হঠাৎ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা বিস্ময় সৃষ্টি করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কারা তালাবদ্ধ কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২:৩৫:৫৩ ● ২১ বার পঠিত
