শনিবার ● ৩০ মে ২০২৬

নেছারাবাদের পশ্চিম পাড়ের ছয় ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবি

হোম » লিড নিউজ » নেছারাবাদের পশ্চিম পাড়ের ছয় ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবি
শনিবার ● ৩০ মে ২০২৬


 

নেছারাবাদের পশ্চিম পাড়ের ছয় ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবি

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩০ মে) বিকেলে মিয়ারহাট বন্দর ব্যবস্থাপনা কমিটির সভাকক্ষে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

লিখিত বক্তব্যে সমাজসেবক ও সংগঠক মো. জিয়াউল হক লিটু বলেন, পশ্চিম পাড়ের ছয়টি ইউনিয়নের জনগণ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। উপজেলা সদর থেকে ভৌগোলিক দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা, অগ্নিনির্বাপণ, শিক্ষা ও প্রশাসনিক সেবা গ্রহণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

তিনি আরও বলেন, এসব বাস্তবতায় এলাকাবাসীর জীবনমান উন্নয়ন এবং জনসেবার কার্যকারিতা বাড়াতে পশ্চিম পাড়ের ছয় ইউনিয়ন নিয়ে একটি পৃথক উপজেলা গঠন এখন সময়ের দাবি।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা জানান, নতুন উপজেলা গঠিত হলে সরকারি সেবা প্রাপ্তি সহজ হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে।

 

তারা দাবি আদায়ে প্রয়োজন হলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ঘোষণাও দেন।

 

বক্তারা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে পশ্চিম পাড়ের ছয় ইউনিয়ন নিয়ে ‘স্বরূপকাঠী উপজেলা’ নামে নতুন উপজেলা ঘোষণার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯:৪৪:১৫ ● ৬১ বার পঠিত