বৃহস্পতিবার ● ২৮ মে ২০২৬
পরকীয়ার জেরে কলহ, ঈদের সকালে ট্রলি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
হোম » পটুয়াখালী » পরকীয়ার জেরে কলহ, ঈদের সকালে ট্রলি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলায় ঈদুল আজহার সকালে আলমাস হোসেন মৃধা (৩৫) নামে এক ট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি সহিস্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমাস হোসেন ওই গ্রামের সিরাজ মৃধার ছেলে।
স্থানীয় সূত্র ও পারিবারিক তথ্য অনুযায়ী, আলমাস প্রায় সাত বছর আগে শিলা বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরবর্তীতে ট্রলি চালানোর কাজের সূত্রে ফারজানা নামের এক নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।
পরিবারের দাবি, বুধবার গভীর রাতে আলমাস স্ত্রী ও সন্তানদের ঘুমন্ত অবস্থায় রেখে পাশের ঘরে যান। পরে সেখানে ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ঈদের সকালে স্ত্রী তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের ঘরটি ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে দরজা ভেঙে ও জানালা দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:১১:৪২ ● ২৮ বার পঠিত
