বুধবার ● ২৭ মে ২০২৬
গোশত কাটার সময় যে ভুল এড়াবেন ঈদুল আযহায় দুর্ঘটনা রোধে চিকিৎসকদের সতর্কতা
হোম » লাইফস্টাইল » গোশত কাটার সময় যে ভুল এড়াবেন ঈদুল আযহায় দুর্ঘটনা রোধে চিকিৎসকদের সতর্কতা

সাগরকন্যা ডেস্ক
কুরবানির ঈদে পশু জবাই ও গোশত কাটাকাটির কাজে পরিবারের সবাই অংশ নেন। আনন্দঘন এই পরিবেশে অনেকেই অসাবধানতাবশত ছুরি ব্যবহারে আহত হন। প্রতিবছরই এ ধরনের দুর্ঘটনায় হাসপাতালে রোগীর ভিড় বাড়ে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ বলেন, কুরবানির সময় হাত-পা কেটে যাওয়া, ছুরি পিছলে আঘাত লাগা এবং অসতর্কতায় দুর্ঘটনা নিয়মিতই দেখা যায়।
তিনি জানান, অনেকেই শখ বা আবেগের কারণে নিজেরাই গোশত কাটার কাজ করতে চান, যা ঝুঁকিপূর্ণ। এই কাজ অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তির হাতে করানোই নিরাপদ ,বলেন তিনি।
ভোঁতা ছুরি বেশি ঝুঁকিপূর্ণ
চিকিৎসকদের মতে, একটি সাধারণ ভুল ধারণা হলো ধারালো ছুরি বেশি বিপজ্জনক। বাস্তবে ভোঁতা ছুরি ব্যবহার করলে বেশি চাপ দিতে হয়, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। ধারালো ছুরি কম চাপেই কাজ করে, তাই নিয়ন্ত্রণ সহজ থাকে।
মনোযোগ সরে গেলেই বিপদ
গোশত কাটার সময় সবচেয়ে সাধারণ ভুল হলো মনোযোগ বিচ্যুতি। পাশ থেকে ডাক, ফোন বা অন্য কাজের চাপ এক মুহূর্তের অসতর্কতাতেই ঘটে যায় দুর্ঘটনা।
এ কারণে কাজের সময় ফোন সাইলেন্ট রাখা এবং শিশুদের কাটার স্থান থেকে দূরে রাখা জরুরি। পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত মনোযোগ অটুট রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
কেটে গেলে দ্রুত করণীয়
দুর্ঘটনা ঘটলে দ্রুত ও সঠিক প্রাথমিক চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ।
চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ বলেন, কেটে গেলে প্রথমে পরিষ্কার কাপড় বা গজ দিয়ে ক্ষতস্থানে ৫-১০ মিনিট অবিরত চাপ দিয়ে ধরে রাখতে হবে। মাঝপথে কাপড় তোলা যাবে না। রক্ত বন্ধ হলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করতে হবে।
চিকিৎসকদের মতে, সময়মতো সঠিক ব্যবস্থা নিলে বড় ধরনের জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব।
বাংলাদেশ সময়: ১৯:৫৩:১৯ ● ২৭ বার পঠিত
