বুধবার ● ২৭ মে ২০২৬
দুমকিতে চিকিৎসককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অভিযোগ
হোম » সর্বশেষ » দুমকিতে চিকিৎসককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে লুথারান হেলথ কেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. অমিতাভ তরফদারকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় দুমকি ও আশপাশের কয়েকটি উপজেলার মানুষের কাছে আস্থার প্রতীক ছিল লুথারান হেলথ কেয়ার হাসপাতাল। তবে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অভ্যন্তরীণ নানা জটিলতা ও দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠানটি কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এর মধ্যেও দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে রোগীদের আস্থা ধরে রেখেছিলেন ডা. অমিতাভ তরফদার।
স্থানীয়দের দাবি, মানবিক আচরণ ও সেবামূলক মনোভাবের কারণে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। অনেকেই তাকে ‘মানবিক ডাক্তার’ হিসেবেও উল্লেখ করেন।
অভিযোগ রয়েছে, অভ্যন্তরীণ কোন্দল ও একটি প্রভাবশালী পক্ষের কারণে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তাকে সরিয়ে দেওয়া হলে হাসপাতালটি সাধারণ মানুষের আস্থা হারাতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদ হাসান ইমরান লিখেছেন, ডা. অমিতাভ তরফদার তার চিকিৎসা সেবার মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন। দুমকিতে তিনি এমন একজন ব্যক্তি যাকে দল-মত নির্বিশেষে সবাই অত্যন্ত পছন্দ করেন। তাকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে এবং প্রতিষ্ঠানের সুনাম টিকিয়ে রাখতে তার বিকল্প নেই।
আনোয়ারুজ্জামান ইমরাজ লিখেছেন, ডা. অমিতাভ তরফদার শুধু একজন মানবিক চিকিৎসকের নাম নন, তিনি দুমকিবাসীর কাছে একটি অনুভূতির নাম। হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষের প্রয়োজন বিবেচনা করে তাকে পুনরায় কর্মস্থলে ফিরিয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বিষয়ে লুথারান হেলথ কেয়ার কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ডা. অমিতাভ তরফদার সাগরকন্যাকে বলেন, তার সুনাম ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিষ্ঠানের ভেতরের একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, তাকে হেয় করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর পারিবারিক একটি বিষয়কে সামনে এনে ইস্যু তৈরি করা হয়েছে। এরই জেরে তাকে অনির্দিষ্ট সময়ের জন্য ছুটিতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৩:৪২ ● ২৫ বার পঠিত
