সোমবার ● ২৫ মে ২০২৬

সোশ্যাল মিডিয়া ও রঙিন পোস্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক

হোম » পটুয়াখালী » সোশ্যাল মিডিয়া ও রঙিন পোস্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক
সোমবার ● ২৫ মে ২০২৬


কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক

সারকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানানোর হিড়িক পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পাশাপাশি রঙিন ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটিয়ে পৌরবাসীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা।
এছাড়া সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ চায়ের দোকান, বাজার ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। সামাজিক অনুষ্ঠান, উৎসব-পার্বণ এবং বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সাধ্যমতো উপহার সামগ্রীও পৌঁছে দিচ্ছেন।
ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা পোস্টার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিশ্রুতি ও অঙ্গীকার তুলে ধরছেন।
ঈদ শুভেচ্ছা জানানো সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. আবুল হাসনাত রিমন সিকদারসহ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আগ্রহী আরও কয়েকজন।
সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, আমি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে চাই। মাদক, চাঁদাবাজি ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থা ও কার্যকর পয়নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন।
কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও সেবামুখী পৌরসভা গড়ে তুলতে চাই। নাগরিকদের জন্য সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি বলেন, আমি একজন নাগরিকবান্ধব মেয়র হতে চাই। পৌরসভার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবো।
তরুণ সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হাজী রিমন সিকদার বলেন, আমার বাবা হাজী হুমায়ূন সিকদার কলাপাড়া পৌরসভার একাধিকবার নির্বাচিত সফল মেয়র ছিলেন। তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নিয়ে আমি পৌরবাসীর সেবা করতে চাই। জনগণ আমাকে নির্বাচিত করলে দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে তোলা, পৌরকর সহনীয় পর্যায়ে রাখা এবং পৌর এলাকায় যানবাহন থেকে চাঁদা আদায় বন্ধে কাজ করবো।

প্রসঙ্গত, কলাপাড়া পৌরসভা ১৯৯৭ সালের ১ মার্চ প্রতিষ্ঠিত হয়। এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অন্তর্গত এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত। পৌরসভাটির বর্তমান আয়তন ৩ দশমিক ৭৫ বর্গকিলোমিটার। এতে ৯টি ওয়ার্ড রয়েছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পৌরসভার জনসংখ্যা ১৯ হাজার ৭৮২ জন। প্রথমে ‘সি’ শ্রেণির পৌরসভা হিসেবে যাত্রা শুরু করলেও ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর এটি ‘এ’ শ্রেণিতে উন্নীত হয়। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২৫ ● ৪৪ বার পঠিত