সোমবার ● ২৫ মে ২০২৬

বাউফলে চোর সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

হোম » পটুয়াখালী » বাউফলে চোর সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ
সোমবার ● ২৫ মে ২০২৬


বাউফলে চোর সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে চুরির সন্দেহে এক যুবককে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পোল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোহাম্মদ বাপ্পি (২৪) কালাইয়া ইউনিয়নের বড় ডালিমা এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে ল্যাংড়া মুন্সির পোল এলাকার ইউসুফ আকনের মুদি ও মনোহারি দোকান থেকে কিছু টাকা চুরি হয়। পরে পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে বাপ্পিকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। সোমবার তাকে এলাকায় দেখতে পেয়ে কয়েকজন ব্যবসায়ী আটক করেন। পরে তাকে খুঁটিতে বেঁধে লাঠিপেটা ও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

দোকান মালিক ইউসুফ আকন জানান, ঘটনার দিন দুপুরে তিনি পাশের মসজিদের পুকুরে গোসল করতে যান। এ সময় অসাবধানতাবশত ক্যাশ কাউন্টার তালাবদ্ধ করতে ভুলে যান। ফিরে এসে দেখেন বেচাকেনার টাকা নেই।

তবে এ ঘটনায় ভুক্তভোগী বাপ্পির বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কেকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:২০:৫৪ ● ৩৫ বার পঠিত