রবিবার ● ২৪ মে ২০২৬

পটুয়াখালীতে টিয়া পাখি আটকে রাখায় নারীকে জরিমানা

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে টিয়া পাখি আটকে রাখায় নারীকে জরিমানা
রবিবার ● ২৪ মে ২০২৬


 

পটুয়াখালীতে টিয়া পাখি আটকে রাখায় নারীকে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীতে দুইটি টিয়া পাখি খাঁচায় আটকে রাখার দায়ে শিরিন আক্তার নামে এক নারীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ মে) বিকালে পটুয়াখালী বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামিম নূর ইসলাম, পটুয়াখালী বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. আমির হোসেন, এনিমেল লাভার অব পটুয়াখালী সংগঠনের পরিচালক আবদুল কাইউম, সদস্য সাফায়েত হোসেন এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এনিমেল লাভার অব পটুয়াখালী সংগঠনের পরিচালক আবদুল কাইউম জানান, ওই নারী দুইটি টিয়া পাখি খাঁচায় আটকে পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে তাকে পাখি অবমুক্ত করার অনুরোধ করা হলেও তিনি রাজি হননি। পরে বন বিভাগ ও জেলা প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং পাখি দুটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, শিরিন আক্তারের বাড়ি ঢাকায়। তিনি পটুয়াখালীতে স্বজনদের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এসব পাখি আটকে রাখা দণ্ডনীয় অপরাধ। জব্দ করা পাখি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সেগুলো বনে অবমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, স্থানীয়দের এ বিষয়ে সতর্ক করা হয়েছে। বন্যপ্রাণী আটকে রাখা, পাচার ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:২২:০৯ ● ১০৭ বার পঠিত