রবিবার ● ২৪ মে ২০২৬
আগৈলঝাড়ায় সড়ক না থাকায় রোগীকে বাঁশে ঝুলিয়ে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
হোম » বরিশাল » আগৈলঝাড়ায় সড়ক না থাকায় রোগীকে বাঁশে ঝুলিয়ে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম জলিরপাড় গ্রামে যাতায়াতের কোনো সড়ক না থাকায় গুরুতর অসুস্থ এক রোগীকে বাঁশের সঙ্গে নেট বেঁধে কাঁধে করে প্রায় দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে সড়কে নিতে বাধ্য হয়েছেন পরিবারের সদস্যরা। সময়মতো চিকিৎসা না পাওয়ায় শেষ পর্যন্ত ওই রোগীকে বাঁচানো যায়নি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, পশ্চিম জলিরপাড় গ্রামের বাসিন্দা মোনাই অধিকারী (৬০) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়ার কোনো সুযোগ ছিল না। পরিবার তাকে বাড়িতেই রাখেন।
পরদিন শনিবার সকাল ১১টার দিকে পরিবারের লোকজন বাঁশের সঙ্গে নেট বেঁধে তাকে বসিয়ে কাঁধে করে কোদালধোয়া-বড়মগড়া সড়কের দয়াল ওঝার দোকান সংলগ্ন এলাকায় নিয়ে যান। সেখান থেকে ভ্যানে করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে ঢাকায় নেওয়া হলেও দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
নিহতের স্ত্রী রিনা অধিকারী বলেন, রাতে অসুস্থ হওয়ার পর যদি দ্রুত গাড়ি বা যাতায়াতের ব্যবস্থা থাকত, তাহলে হয়তো তাকে বাঁচানো যেত।
একই গ্রামের বাসিন্দা ব্রজেন হালদারের স্ত্রী কুমদিনী (৯০) হৃদরোগে আক্রান্ত হলে তাকেও টিনের ওপর করে কাঁধে বহন করে দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে সড়কে নিয়ে ভ্যানে হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মালা হালদার ও গোলাপী হালদার জানান, বর্ষাকালে এই এলাকার দুর্ভোগ আরও তীব্র হয়ে ওঠে। পায়ে হাঁটা তো দূরের কথা, অনেক সময় নৌকা চলাচলও ব্যাহত হয়। ফলে শিক্ষা, চিকিৎসা ও জরুরি সেবায় চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য পরিমল হালদার জানান, সড়ক নির্মাণের জন্য বরাদ্দ না থাকায় আপাতত মাটির কাজ করা সম্ভব হচ্ছে না। স্থানীয়ভাবে মাটি ভরাট করা হলে পরে হেরিংবন্ডের কাজ করা হবে বলে তিনি জানান।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, পশ্চিম জলিরপাড় গ্রামের প্রয়োজনীয় সড়কটি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৮:১১:১৪ ● ২১ বার পঠিত
