রবিবার ● ২৪ মে ২০২৬
শিশু রামিসা হত্যার প্রতিবাদে মোংলায় মানববন্ধন
হোম » খুলনা » শিশু রামিসা হত্যার প্রতিবাদে মোংলায় মানববন্ধন![]()
সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার এবং দেশে ধর্ষণবিরোধী আইনের কাঠামো পরিবর্তনের দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) দুপুর ৩টায় মোংলার সেন্ট পলস স্কুলের সামনে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার নারী-পুরুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের অপরাধ কমবে না বলেও তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ধর্ষণ ও সহিংসতার ঘটনা আরও বাড়তে পারে। তাই মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সমাজের সব স্তরে সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যকর ভূমিকার মাধ্যমে নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিদ্যমান আইনের কাঠামো পরিবর্তনেরও আহ্বান জানান বক্তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাদাবন সংঘের ওশান প্রকল্পের প্রধান সমন্বয়কারী পপি আক্তার, প্রজেক্ট কো-অর্ডিনেটর কানিজ ফাতেমা তামান্না, জিসিআই লেদার এন্টারপ্রাইজ ইনস্টিটিউট অব টেকনোলজির প্রশিক্ষক বৃষ্টি বৈরাগী ও স্বেচ্ছাসেবী খাদিজা আক্তার বিজরীসহ অন্যরা।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ১৭:২৭:১০ ● ৩১ বার পঠিত
