রবিবার ● ২৪ মে ২০২৬

নেছারাবাদে চার কন্যাকে রেখে ট্রলারচালকের মৃত্যু; পরিবারের পাশে প্রতিমন্ত্রী

হোম » পিরোজপুর » নেছারাবাদে চার কন্যাকে রেখে ট্রলারচালকের মৃত্যু; পরিবারের পাশে প্রতিমন্ত্রী
রবিবার ● ২৪ মে ২০২৬


নেছারাবাদে চার কন্যাকে রেখে ট্রলারচালকের মৃত্যু; পরিবারের পাশে প্রতিমন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবে নিহত ট্রলারচালক কামাল বাহাদুরের (৩৮) পরিবারের পাশে দাঁড়িয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।

রোববার (২৪ মে) সকালে নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন নেছারাবাদ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় প্রতিমন্ত্রী স্বশরীরে উপস্থিত হতে না পারলেও তাঁর নির্দেশনায় নেতারা নিহতের স্ত্রী ও চার কন্যা সন্তানের খোঁজখবর নেন। এ সময় মোবাইল ফোনে নিহত কামাল বাহাদুরের বৃদ্ধ পিতার সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী।

নিহত কামাল বাহাদুর নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনোহরপুর গ্রামের আ. হালিম বাহাদুরের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, কামাল বাহাদুরের স্ত্রী মহিমা বেগম ও চার কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে মাইশা আক্তার সাথী (১৩) সপ্তম শ্রেণিতে, মেজ মেয়ে সামিয়া (৯) দ্বিতীয় শ্রেণিতে এবং সেজ মেয়ে ইভা (৬) প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে। সবচেয়ে ছোট মেয়ে চাঁদনীর বয়স মাত্র ১৮ মাস।

দলীয় নেতাকর্মীরা জানান, প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর ভবিষ্যতেও নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, এই দুঃসময়ে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে দেওয়া সহায়তা পরিবারটিকে কিছুটা হলেও সাহস ও সান্ত্বনা দেবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম টুটুল, সেলিম মিয়া এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জসিম বাহাদুরসহ অন্য নেতারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে নেছারাবাদের বালিহারী খালের হাজী আব্দুর রহমানের বাড়ির সামনের ব্রিজসংলগ্ন এলাকায় ফিয়ানা-ফাতেমা নামের একটি স্টিলবডির কাঠবোঝাই ট্রলার প্রবল স্রোতে ডুবে যায়। এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় ট্রলারে থাকা চালক কামাল বাহাদুরের মর্মান্তিক মৃত্যু হয়। পরে বিষয়টি জানার পর নিহত পরিবারের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নেন প্রতিমন্ত্রী।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১২:৫৫:৪৮ ● ২৫ বার পঠিত