শনিবার ● ২৩ মে ২০২৬

মঠবাড়িয়ায় স্কুল ফিডিংয়ে অনিয়ম, শিক্ষক বরখাস্ত

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় স্কুল ফিডিংয়ে অনিয়ম, শিক্ষক বরখাস্ত
শনিবার ● ২৩ মে ২০২৬


মঠবাড়িয়ায় স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে শিক্ষক বরখাস্ত

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৬৫ নম্বর সুর্যমণি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি গত ১১ মে সরেজমিন তদন্ত পরিচালনা করে এবং ২১ মে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

অফিস আদেশে বলা হয়, স্কুল ফিডিং কার্যক্রমে ডিম সরবরাহ নিয়ে অনৈতিক সুবিধা গ্রহণের পরিকল্পনা এবং স্থানীয় সরবরাহকারীর সঙ্গে যোগসাজশের অভিযোগে প্রকাশিত ভিডিও ও কথোপকথনে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) ধারা অনুযায়ী গত ২১ মে থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত আদেশের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসন, বিভাগীয় উপপরিচালক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিভাগীয় কার্যক্রম শেষে অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি করা হবে।

আরজে/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৩:৪৯ ● ২৭ বার পঠিত