শনিবার ● ২৩ মে ২০২৬

তিন বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

হোম » খুলনা » তিন বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
শনিবার ● ২৩ মে ২০২৬


 

শার্শায় তিন বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

যশোরের শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামে তিন বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আলম গাজী (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আলম গাজী ওই গ্রামের জহর গাজীর ছেলে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন (মামলা নং-৪৭, তারিখ: ২৩ মে ২০২৬)। মামলার পরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২০ মে) সকালে স্বরূপদাহ গ্রামের আল আমিন ও সাথী দম্পতির তিন বছরের কন্যা তাবাসসুম বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী আলম গাজী শিশুটিকে ‘কাঠি ভাজা’ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাশের একটি টংঘরে নিয়ে যায়।

 

অভিযোগ অনুযায়ী, সেখানে শিশুটির সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করা হয়। শিশুটির চিৎকারে স্থানীয় এক নারী ঘটনাস্থলে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুরুতে সামাজিক লজ্জার কারণে বিষয়টি গোপন রাখা হলেও পরে তা এলাকায় ছড়িয়ে পড়লে তারা থানায় অভিযোগ করেন।

 

শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সে পরিবারের সঙ্গে রয়েছে।

 

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ঘটনার পরপরই মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০:৫৯:৫৮ ● ২৭ বার পঠিত