শুক্রবার ● ২২ মে ২০২৬

নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবে চালকের মৃত্যু

হোম » পিরোজপুর » নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবে চালকের মৃত্যু
শুক্রবার ● ২২ মে ২০২৬


 

নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবে চালকের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ‘ফিয়ানা-ফাতেমা’ নামের একটি স্টিল বডি দেশীয় কাঠবোঝাই ট্রলার পানির স্রোতে ডুবে কামাল বাহাদুর (৩৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত কামাল বাহাদুর পিরোজপুরের নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামের মো. হালিম বাহাদুরের ছেলে।

 

বুধবার (২১ মে) রাতে উপজেলার বালিহারী খালে হাজ্বী আব্দুর রহমানের বাড়ির সামনের ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটির মালিক সোহাগদল এলাকার মো. কেরামত আলীর ছেলে মো. রিফাত হোসেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৩টার দিকে কাঠবোঝাই ট্রলারটি বালিহারী খালের ব্রিজ এলাকায় পৌঁছে। খালে ভাঁটা থাকায় ট্রলারটি ব্রিজের দুই পিলারের মাঝখানে নোঙর করা হয়। পরে ট্রলারের চালক কেবিনে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় চালক কেবিনের ভেতরে আটকা পড়ে পানিতে তলিয়ে যান।

 

পরদিন শুক্রবার (২২ মে) সকাল ৬টার দিকে ট্রলারের মালিক রিফাত স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পরে ডুবুরি হায়দার ও তার সহযোগীরা উদ্ধার অভিযান চালিয়ে সকাল ১১টার দিকে ডুবে থাকা ট্রলারের কেবিন থেকে কামাল বাহাদুরের মরদেহ উদ্ধার করেন।

 

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৩৮ ● ৩২ বার পঠিত