শুক্রবার ● ২২ মে ২০২৬

মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের মহাপরিকল্পনা, বদলে যেতে পারে দ্বীপের চিত্র

হোম » ভোলা » মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের মহাপরিকল্পনা, বদলে যেতে পারে দ্বীপের চিত্র
শুক্রবার ● ২২ মে ২০২৬


 

মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের মহাপরিকল্পনা, বদলে যেতে পারে দ্বীপের চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। সাবমেরিন কেবল ও ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে দ্বীপটির বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিক ও স্থায়ী রূপ দিতে আন্তর্জাতিক মানের টেন্ডার আহ্বান করা হয়েছে।

 

শক্তি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীনে ওজোপাডিকোর ‘মনপুরা দ্বীপপুঞ্জে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় এ দরপত্র আহ্বান করা হয়।

 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, টার্নকি ভিত্তিতে ৩৩ কেভি সাবমেরিন কেবলের নকশা, সরবরাহ, স্থাপন, পরীক্ষণ ও কমিশনিংসহ সংশ্লিষ্ট সব কাজ সম্পন্ন করা হবে। প্রকল্পে প্রতিটি ৭ কিলোমিটার দৈর্ঘ্যের ৪টি রানসহ মোট ২৮ কিলোমিটার ১সি ৩০০ বর্গমিলিমিটার সাবমেরিন কেবল স্থাপন করা হবে। পাশাপাশি নির্মাণ করা হবে ল্যান্ডিং স্টেশন।

 

দরপত্রটি ‘ওয়ান স্টেজ টু এনভেলপ টেন্ডারিং মেথড’-এ আহ্বান করা হয়েছে এবং পুরো প্রকল্পের অর্থায়ন করবে ওজোপাডিকো নিজস্ব তহবিল থেকে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী ঠিকাদারদের গত ১০ বছরের মধ্যে কমপক্ষে দুটি অনুরূপ প্রকল্প সফলভাবে বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ৩৩ কেভি বা তার বেশি ক্ষমতার সাবমেরিন কেবল স্থাপন, পরীক্ষণ ও চালুকরণের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে।

 

এছাড়া বাংলাদেশের মতো ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে বিদেশে অন্তত একটি প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতাও থাকতে হবে। সাবমেরিন কেবল স্থাপনে ব্যবহৃত জাহাজের ধরন, মডেল ও সক্ষমতার প্রমাণপত্র জমা দেওয়ার শর্তও রাখা হয়েছে।

 

প্রকল্প সংশ্লিষ্টদের মতে, এটি বাস্তবায়িত হলে মনপুরার বিদ্যুৎ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের বাইরে থাকা দ্বীপবাসী স্থিতিশীল ও উন্নত বিদ্যুৎ সুবিধা পাবে।

 

ভোলা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সাগরকন্যাকে জানান, প্রকল্পটির কাজ বাস্তবায়ন করবে অন্য একটি কোম্পানি। পল্লী বিদ্যুতের আওতায় ভোলার তজুমদ্দিন থেকে চর জহিরুদ্দিন, চর মোজাম্মেল হয়ে মনপুরার কলাতলী পর্যন্ত সংযোগ দেওয়া হবে, যার মাধ্যমে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।

 

তিনি আরও জানান, আগামী ডিসেম্বরে চরফ্যাশন থেকে মনপুরা পর্যন্ত সরাসরি সাবমেরিন কেবলের মাধ্যমে স্থায়ী সাব-স্টেশন স্থাপন করে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে পুরো প্রকল্প বাস্তবায়নে সময় লাগতে পারে আরও ৪ থেকে ৫ বছর।

বাংলাদেশ সময়: ১১:৩৩:২০ ● ৬৭ বার পঠিত