বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬

নেছারাবাদে যাত্রী ডাকা নিয়ে শ্রমিকদল নেতাদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ

হোম » পিরোজপুর » নেছারাবাদে যাত্রী ডাকা নিয়ে শ্রমিকদল নেতাদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


নেছারাবাদে যাত্রী ডাকা নিয়ে শ্রমিকদল নেতাদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রী ডাকা নিয়ে যমুনা পরিবহনের এক কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকদল নেতাদের বিরুদ্ধে।

ভুক্তভোগী যমুনা পরিবহনের কলম্যান মো. আব্দুস সালাম থানায় লিখিত অভিযোগ ও জিডির আবেদন করেছেন। অভিযুক্তরা হলেন পৌর শ্রমিকদলের সদস্য সচিব রাসেল, যুগ্ম আহ্বায়ক শামিম মৃধা এবং শ্রমিক নেতা রাজু।

অভিযোগে আব্দুস সালাম জানান, তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে কলম্যান হিসেবে কাজ করছেন। বর্তমানে যমুনা পরিবহনের কাউন্টারে দায়িত্ব পালন করছেন। গত ১৯ মে সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকাগামী যাত্রী ডাকা নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারা হয় এবং বাসস্ট্যান্ড থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে অভিযুক্তরা তাকে দেখে নেওয়ার হুমকিও দেয়। এর আগেও একাধিকবার তিনি হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত শ্রমিকদল নেতা শামিম মৃধা বলেন, আমি তাকে মারিনি। যাত্রী ডাকা নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়েছে। তদন্তে সত্য বেরিয়ে আসবে। অন্যদিকে রাসেল হুমকির বিষয়টি আংশিক স্বীকার করলেও গণমাধ্যমের সামনে বিস্তারিত বক্তব্য দিতে রাজি হননি।

যমুনা পরিবহনের পরিচালক নান্টু বলেন, তার সামনেই আব্দুস সালামকে মারধর করা হয়েছে এবং তাকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তবে হানিফ পরিবহনের পরিচালক জাহিদ হাওলাদার বলেন, কথাকাটাকাটি হয়েছে, তবে মারামারি আমি দেখিনি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, যাত্রী ডাকা নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৫:২৩ ● ৩৬ বার পঠিত