বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬

ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

হোম » ঝালকাঠী » ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে গণপিটুনিতে মো. রাজ্জাক হাওলাদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার বাশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক হাওলাদার ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন বয়াতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাজ্জাক হাওলাদার উত্তর বাশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সির বাড়ির সামনে একটি জমিতে রাখা ট্রাক্টরের যন্ত্রাংশ খুলে রাখার পর পাশের বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছের রায়হান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬:০০:৩৮ ● ৩৫ বার পঠিত