মঙ্গলবার ● ১৯ মে ২০২৬

পাথরঘাটায় নির্বাচনোত্তর ১৯ সহিংসতার অভিযোগ জামায়াতের

হোম » বরগুনা » পাথরঘাটায় নির্বাচনোত্তর ১৯ সহিংসতার অভিযোগ জামায়াতের
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


পাথরঘাটায় নির্বাচনোত্তর ১৯ সহিংসতার অভিযোগ জামায়াতের

সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা। দলটির দাবি, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তাদের নেতাকর্মীদের ওপর ১৯টি পৃথক হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় বরগুনা জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আমীর অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ১২ জানুয়ারি থেকে ১২ মে পর্যন্ত সংঘটিত ১৯টি সহিংস ঘটনার একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে নির্বাচনের আগে ৭টি এবং নির্বাচন-পরবর্তী সময়ে ১২টি হামলার ঘটনা রয়েছে বলে দাবি করা হয়। এসব ঘটনার জন্য পাথরঘাটা ও বামনা উপজেলার বিএনপির কিছু নেতাকর্মীকে দায়ী করেন তিনি।

মুহিবুল্লাহ হারুন অভিযোগ করেন, এখনো বিভিন্ন এলাকায় ছোট-বড় সহিংস ঘটনা অব্যাহত রয়েছে। অসংখ্য ঘটনার তথ্য দলীয়ভাবে সংরক্ষণ করা হয়েছে এবং প্রয়োজনে তা গণমাধ্যমে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পাথরঘাটা ও বামনা উপজেলার পরিস্থিতি দেখে মনে হয় সেখানে কোনো অভিভাবক নেই। স্থানীয় প্রশাসন সবকিছু জেনেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলেও বরগুনা-২ আসনের সাধারণ মানুষ এখনো সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে বসবাস করছে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক মতের মানুষ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বেশি নির্যাতনের শিকার হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

শেষে তিনি বলেন, ৫ আগস্টের পর একটি শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা থাকলেও বাস্তবে বরগুনা-২ আসনে পুরনো ধরনের সন্ত্রাসী পরিস্থিতি অব্যাহত রয়েছে। গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:২৫:৫৬ ● ২২ বার পঠিত