মঙ্গলবার ● ১৯ মে ২০২৬

বরগুনায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

হোম » বরগুনা » বরগুনায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


বরগুনায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বরগুনা সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, দেশব্যাপী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ- প্রতিপাদ্যে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে মেলার জাতীয় উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়। এতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন।

বরগুনা সদর উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত স্থানীয় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীল, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এবং সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন, ভূমি সংক্রান্ত প্রতারণা ও দালাল চক্রের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মেলার মাধ্যমে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ও হয়রানিমুক্তভাবে সেবা নিতে পারেন, সে বিষয়ে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে।

বিশেষ অতিথি মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, ভূমিসেবা মেলা জনগণের ভোগান্তি কমিয়ে স্বচ্ছ ও দ্রুত সেবা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জেলা পরিষদ এ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করবে।

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, ভূমিসেবা মেলার মূল লক্ষ্য হলো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ই-নামজারি, অনলাইন খতিয়ান এবং ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সব সেবা একীভূত করার কাজ চলছে। পাশাপাশি ১৬১২২ হটলাইন, ভূমি-পিডিয়া ও এআই চ্যাটবটসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৪:৪৪ ● ১৯ বার পঠিত