মঙ্গলবার ● ১৯ মে ২০২৬

চরফ্যাশনে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু

হোম » ভোলা » চরফ্যাশনে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


 

চরফ্যাশনে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২১ মে পর্যন্ত।

 

উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমান আফরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

 

এ বছরের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমান আফরোজ বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমিসেবা এবং ডিসিআর ফি অনলাইনে পরিশোধের মতো সেবা চালু রয়েছে।

 

তিনি বলেন, এসব ডিজিটাল সেবার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ঘরে বসেই ভূমিসেবা গ্রহণ করতে পারছে। ভূমিসেবা মেলার মাধ্যমে নাগরিকরা এসব সেবা সম্পর্কে ধারণা পাবেন এবং হয়রানিমুক্ত সেবা গ্রহণে আরও উৎসাহিত হবেন।

 

মেলায় ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত স্টলের পাশাপাশি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠপর্যায়ের অফিস, ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর স্টল রয়েছে।

 

এসব স্টলে অনলাইন পোর্টালে নিবন্ধন সহায়তা, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সত্যায়িত কপি সরবরাহসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

 

মেলা উপলক্ষে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি মাইকিং, ব্যানার-ফেস্টুন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কেবল নেটওয়ার্কের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ ভূমিসেবা ভ্যানের মাধ্যমেও নাগরিকদের সেবা ও তথ্য দেওয়া হচ্ছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, এ ধরনের মেলা ভূমিসেবাকে আরও গতিশীল করবে এবং আধুনিক, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা সম্পর্কে জনগণের আস্থা বৃদ্ধি করবে।

বাংলাদেশ সময়: ১৩:০৯:২৪ ● ২৪ বার পঠিত