সোমবার ● ১৮ মে ২০২৬
কলাপাড়ায় ১৩০ মউশিক শিক্ষকের সংবাদ সম্মেলন
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ১৩০ মউশিক শিক্ষকের সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (১৮ মে) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কলাপাড়া শাখার সভাপতি মাওলানা মো. মাহবুব আলম।
তিনি বলেন, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ প্রকল্পের কার্যক্রম শুরু করেন। কলাপাড়ায় শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগরণ এবং নিরক্ষরতা দূরীকরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
শিক্ষকরা দাবি করেন, জরুরি ভিত্তিতে প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তর, সকল শিক্ষক ও কেয়ারটেকারসহ জনবলকে সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদান এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ প্রকল্পের আওতায় কলাপাড়ায় মোট ১৩০ জন শিক্ষক কর্মরত রয়েছেন বলে জানানো হয়।
কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অমল মুখার্জী।
বাংলাদেশ সময়: ২১:৩৩:৫৫ ● ৩৮ বার পঠিত
