সোমবার ● ১৮ মে ২০২৬
কলাপাড়ায় ‘রাজা বাহাদুর’র দাপটে কাঁপবে কোরবানির হাট-বাজার
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ‘রাজা বাহাদুর’র দাপটে কাঁপবে কোরবানির হাট-বাজার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) থেকে
ভাবসাব ও চালচলনে যেন রাজকীয় ছাপ। আর সেই কারণেই বিশাল আকৃতির ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘রাজা বাহাদুর’। প্রায় ১৫ মণ ওজনের এই ষাঁড়টি এবার ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত করেছেন মালিক কামাল গাজী। এর দাম হাঁকা হচ্ছে ৫ লাখ টাকা।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক কামাল গাজীর খামারে প্রায় তিন বছর আগে শাহীওয়াল জাতের একটি গাভী বাছুরটির জন্ম দেয়। বয়স এক বছর পার হওয়ার পর বাছুরটিকে মাঠে নামানো হলে তার শক্তি, দাপট ও আচরণে অন্য গরুগুলো সরে যায়। পরে তার বিশাল দেহাকৃতি, শক্তিমত্তা ও রাজকীয় চলাফেরার কারণে নাম রাখা হয় ‘রাজা বাহাদুর’।
খামারি কামাল গাজী জানান, প্রতিদিন ষাঁড়টিকে গম, ভুট্টা, ভূষি ও সবুজ ঘাসসহ প্রায় ৩ মণ খাবার দেওয়া হয়। নিজের সন্তানের মতো যত্নে লালন-পালন করায় বর্তমানে ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট, উচ্চতা সাড়ে ৪ ফুট এবং ওজন প্রায় ৬০০ কেজি হয়েছে। আসন্ন কোরবানির হাটে ‘রাজা বাহাদুর’ তুলতে চান তিনি। কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারলে লাভবান হওয়ার আশা করছেন এই খামারি।
স্থানীয়রা জানান, কামাল গাজীর এমন সফলতা দেখে এলাকার অনেকেই এখন ষাঁড় পালনে আগ্রহী হয়ে উঠছেন।
কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মারুফ বিল্লাহ বলেন, খামারি কামাল গাজীকে ‘রাজা বাহাদুর’ লালন-পালনে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে।
এবার কোরবানির হাটে রাজকীয় উপস্থিতি নিয়ে ‘রাজা বাহাদুর’ ক্রেতাদের নজর কাড়বে- এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
বাংলাদেশ সময়: ১৪:৩৩:৫০ ● ১৭ বার পঠিত
