রবিবার ● ১৭ মে ২০২৬

নেছারাবাদে ‘শয়তানের নিশ্বাস’ আতঙ্ক: নার্সের স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

হোম » পিরোজপুর » নেছারাবাদে ‘শয়তানের নিশ্বাস’ আতঙ্ক: নার্সের স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
রবিবার ● ১৭ মে ২০২৬


 

নেছারাবাদে ‘শয়তানের নিশ্বাস’ আতঙ্ক: নার্সের স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত ভয়ংকর মাদক ডেভিলস ব্রেথ (স্কোপোলামিন) ব্যবহার করে এক নার্সকে মানসিকভাবে নিয়ন্ত্রণে এনে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

 

রবিবার (১৭ মে) সকালে উপজেলার জগন্নাথকাঠি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রতারকরা নেছারাবাদ উপজেলা হেলথ কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স নিলিমা রানি বেপারির কাছ থেকে গলার চেইন, কানের ঝুমকা, হাতের রুলি, আংটি এবং দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরিবারের দাবি অনুযায়ী, লুট হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ৪ লাখ টাকারও বেশি।

 

ভুক্তভোগী নিলিমা রানি বেপারি জানান, তিনি একটি কম্পিউটারের কাজের জন্য বাজারে যাচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি তাকে ‘মায়ের মতো’ সম্বোধন করে সাহায্য চান। পরে আরও কয়েকজন বিভিন্ন পরিচয়ে তার সঙ্গে কথা বলতে থাকে। একপর্যায়ে তারা তাকে বাজারের বিভিন্ন দোকানে ঘোরায় এবং একটি ব্যাগে থাকা মালামাল বিক্রির কথা বলে বিভ্রান্ত করে। এরপর কীভাবে তিনি নিজের স্বর্ণালঙ্কার খুলে তাদের হাতে তুলে দিয়েছেন, তা স্পষ্টভাবে মনে করতে পারছেন না।

 

তার স্বামী ও শিক্ষক শংকর বড়াল জানান, অপরিচিত লোকজন তাদের ঘিরে ধরার পর থেকেই তার স্ত্রীর আচরণ অস্বাভাবিক হয়ে যায়। তাদের ধারণা, কোনো ধরনের কেমিক্যাল বা মাদক ব্যবহার করেই তাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করে এই প্রতারণা করা হয়েছে।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নেছারাবাদে এর আগেও একই ধরনের কৌশলে প্রতারণার ঘটনা ঘটেছে, ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। সচেতন মহল এ ধরনের অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে চিকিৎসক ডা. আসাদুজ্জামান বলেন, স্কোপোলামিন বা ডেভিলস ব্রেথ অত্যন্ত বিপজ্জনক একটি মাদক। এটি তরল বা পাউডার আকারে কাগজ, কাপড় বা ভিজিটিং কার্ডের মাধ্যমে শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করানো হতে পারে। কয়েক মিনিটের মধ্যেই ভুক্তভোগীর স্বাভাবিক চিন্তাশক্তি ও স্মৃতিশক্তি সাময়িকভাবে লোপ পায় এবং সে অপরাধীদের নির্দেশ অনুযায়ী কাজ করতে বাধ্য হয়।

 

তিনি আরও বলেন, রাস্তাঘাটে চলাচলের সময় অপরিচিত কারও দেওয়া কাগজ, কার্ড বা কাপড় মুখের কাছে নেওয়া থেকে বিরত থাকতে হবে এবং প্রয়োজনে মাস্ক ব্যবহার করে সতর্ক থাকতে হবে।

 

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার জানান, ঘটনাটি সম্পর্কে প্রাথমিকভাবে ভুক্তভোগীর সঙ্গে কথা বলা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৩১:৫০ ● ২৪ বার পঠিত