রবিবার ● ১৭ মে ২০২৬
পাওনা টাকা নিয়ে বিরোধে বাউফলে যুবককে কুপিয়ে জখম, আটক ১
হোম » পটুয়াখালী » পাওনা টাকা নিয়ে বিরোধে বাউফলে যুবককে কুপিয়ে জখম, আটক ১

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবলু হাওলাদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলায় তার গলার অর্ধেক অংশ কেটে যায় বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল করিম (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত বাবলুকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।
আহতের স্বজন আলম হাওলাদার জানান, একই গ্রামের হালিম মৃধার ছেলে সাহেব আলী বাবলু হাওলাদারের কাছে আড়াই হাজার টাকা পাওনা দাবি করে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে বাবলু বাড়ির পাশের হালিম মৃধার বাড়িতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সাহেব আলী, সুমন, করিমসহ ৪ থেকে ৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় তারা।
পরে স্থানীয়রা ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় বাবলুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার স্বজনদের খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত বাবলুর বাবা আলম হাওলাদার বলেন, ‘খবর পেয়ে এসে দেখি আমার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।’
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইরফান উদ্দীন বলেন, ‘রোগীর গলায় গুরুতর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
অভিযোগের বিষয়ে সাহেব আলী ও করিম মিয়া বলেন, ‘ঘটনার সঙ্গে আমরা জড়িত নই। আমাদের ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে। রাতের অন্ধকারে কে বা কারা হামলা করেছে, আমরা জানি না।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৩০:২১ ● ২২ বার পঠিত
