শনিবার ● ১৬ মে ২০২৬
গৌরনদীতে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
হোম » বরিশাল » গৌরনদীতে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে গৌরনদীতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন উপজেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
গৌরনদী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গৌরনদী উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয়ের সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ধাপে ধাপে সম্প্রসারণের মাধ্যমে দেশের কোনো মানুষ যেন খাদ্য সংকটে না পড়ে এ লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি গৌরনদী উপজেলাকে এ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং জানান, এ পর্যন্ত সারা দেশে প্রায় ৩৭ হাজার উপকারভোগী এ কর্মসূচির আওতায় এসেছেন।
বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি, অতিরিক্ত পুলিশ সুপার, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জানানো হয়, দ্বিতীয় পর্যায়ে ২১টি উপজেলার মোট ৯ হাজার ৭০৭ জন উপকারভোগী এ সুবিধার আওতায় এসেছেন। এর মধ্যে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৬১৩ জনকে ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনা হয়েছে।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম নিম্ন আয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা উদ্যোগ, যা ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী প্রাপ্তি নিশ্চিত করে খাদ্য নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২০:০৪:৫৮ ● ১০২ বার পঠিত
