শনিবার ● ১৬ মে ২০২৬

ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

হোম » পিরোজপুর » ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
শনিবার ● ১৬ মে ২০২৬


নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ও আংশিকভাবে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১১টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সার ও কীটনাশকের একটি দোকান ‘কাজী ট্রেডার্স’-এ আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা মসজিদের মাইক ব্যবহার করে অগ্নিকাণ্ডের ঘোষণা দিলে এলাকাবাসী দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে নেছারাবাদ ও স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরবর্তীতে বানারীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিটও উদ্ধার কাজে যুক্ত হয়।

প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে সার ও কীটনাশকের ৩টি, রশি ও কাছির ১০টি, মুদি মনোহরির ২টি, ক্রোকারিজ ও হার্ডওয়্যার ২টি, চা-পানের দোকান ২টি এবং একটি সেলুনসহ মোট ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

নেছারাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতেও একই মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০টি দোকান পুড়ে গিয়ে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছিল। বারবার এমন ঘটনায় সন্ধ্যানদীর পশ্চিমপাড়ে স্থায়ী ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৩:০৮:১৬ ● ৩৫ বার পঠিত