শুক্রবার ● ১৫ মে ২০২৬

বাকেরগঞ্জে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৪

হোম » বরিশাল » বাকেরগঞ্জে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৪
শুক্রবার ● ১৫ মে ২০২৬



 

বাকেরগঞ্জে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৪

সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)

 

বরিশালের বাকেরগঞ্জ জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হন।

শুক্রবার (১৫ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল হালিম হাওলাদার (৭০)। তিনি ওই এলাকার মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন (৫২), তার ভাগিনা মিজানুর রহমান (৪০), কবির সিকদার (৪৭) এবং প্রতিপক্ষের কালাম হাওলাদার (৫৫)। আহত কালাম হাওলাদার বর্তমানে পুলিশের হেফাজতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হেলেঞ্চা গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদার এবং পাশের চর আউলিয়াপুর গ্রামের মৃত তাহের হাওলাদারের ছেলে কালাম হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশ বৈঠকের আয়োজন করা হলেও কোনো সমাধান হয়নি। পরে ওই রাতেই দেলোয়ার হোসেনের ভাগিনা মিজানুর রহমান খন্দকার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনার দিন শুক্রবার দুপুরে দেলোয়ার হোসেন নিজ জমিতে বালু ভরাটের কাজ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষে রূপ নেয়। এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হালিম হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে উজ্জ্বল হাওলাদার (৩৫) এবং কালাম হাওলাদারকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১১:২১ ● ২৬ বার পঠিত