বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
মোংলায় নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ
হোম » খুলনা » মোংলায় নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলা এলাকায় ট্রলার থেকে নদীতে পড়ে মো. হোসেন মোড়ল (৪০) নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের লেবার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ হোসেন মোড়ল দাকোপ উপজেলার চালনা এলাকার মৃত ইউনুস মোড়লের ছেলে। ঘটনার সময় ট্রলারে তার স্ত্রী ও ছয় বছর বয়সী কন্যা সন্তানও ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন প্রতিদিনের মতো চালনা থেকে বিভিন্ন হ্যাচারির মাছের পোনা নিয়ে মোংলায় আসেন। সকালে ট্রলার থেকে নামার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে তলিয়ে যান। এ সময় তার স্ত্রীর চিৎকারে সহযোগীসহ স্থানীয় কয়েকজন নদীতে নেমে উদ্ধারের চেষ্টা চালান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ড এর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
মোংলা ফায়ার সার্ভিসের লিডার মো. দেলোয়ার হোসেন জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। শেষ খবর পাওয়া পর্যন্ত হোসেন মোড়লকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১২:১৯:২৫ ● ১৬ বার পঠিত
