বুধবার ● ১৩ মে ২০২৬
বাউফলে নিখোঁজ চার কিশোরী গাজীপুর থেকে উদ্ধার
হোম » পটুয়াখালী » বাউফলে নিখোঁজ চার কিশোরী গাজীপুর থেকে উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
বাউফল উপজেলাের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার কিশোরীকে চারদিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করা হয় গাজীপুর জেলার কোনাবাড়ি মৌচাক এলাকা থেকে। উদ্ধারের পর তাদের কালিয়াকৈর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
নিখোঁজদের মধ্যে তিনজন সপ্তম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন একই শিক্ষাপ্রতিষ্ঠানের এবং অপরজন পাশের একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
এক কিশোরীর বাবা মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে সাগরকন্যাকে জানান, চারদিনের উদ্বেগ-উৎকণ্ঠার পর মেয়েকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, কিশোরীদের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে তারা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়। পরে গাজীপুরে একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিল তারা। সিভি তৈরির সময় তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
চার কিশোরীর সঙ্গে কথা বলে বিস্তারিত জানার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চারদিনের উদ্বেগ-উৎকণ্ঠা শেষে তাদের উদ্ধারের খবরে স্বস্তি ফিরেছে পরিবারের মাঝে।
বাংলাদেশ সময়: ২০:০৬:১৮ ● ২৪৮ বার পঠিত
