বুধবার ● ১৩ মে ২০২৬
বরগুনায় দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
হোম » খেলা » বরগুনায় দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে বরগুনা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। বরগুনা জেলার ছয়টি উপজেলা থেকে আগত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য একটি সুস্থ, সবল ও প্রাণবন্ত সমাজ গঠন করা। সেই লক্ষ্য বাস্তবায়নে খেলাধুলা ও সংস্কৃতিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, আজকের ক্ষুদে খেলোয়াড়রাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। জেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলার উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা বলেন, প্রাথমিক পর্যায় থেকে খেলাধুলার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে জেলা পর্যায়ে বৃহৎ ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:৪৪:০১ ● ২৪ বার পঠিত
