বুধবার ● ১৩ মে ২০২৬
বরগুনায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
হোম » বরগুনা » বরগুনায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবনই মূল্যবান- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বিশেষ সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সমাজসেবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. সহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা অটিজম বিষয়ে সামাজিক কুসংস্কার দূর করে পরিবার ও সমাজকে আরও সহমর্মী হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি নজরুল ইসলাম মোল্লা বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের বিকাশে পরিবার ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রধান অতিথি জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, অটিজম কোনো রোগ নয়, এটি স্নায়ুবিক বিকাশের একটি ভিন্ন ধারা। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরাও সমাজের মূলধারায় অবদান রাখতে সক্ষম।
দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে তিনজন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিকে হিয়ারিং এইড প্রদান করা হয়। পাশাপাশি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও তাদের পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:২৩:০৫ ● ২৮ বার পঠিত
