মঙ্গলবার ● ১২ মে ২০২৬

প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

হোম » ঝালকাঠী » প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
মঙ্গলবার ● ১২ মে ২০২৬


 

প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

প্রতিবন্ধী শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি ও জীবনমুখী প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজ ও রাষ্ট্রের বোঝা নয়, বরং সম্পদে পরিণত হবে।

 

মঙ্গলবার সকালে ঝালকাঠি শহরের সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে আয়োজিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তাদের মেধা ও সক্ষমতা বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের সবাইকে আন্তরিক ভূমিকা রাখতে হবে। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে অনেক প্রতিবন্ধী শিশু বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে বলেও তিনি উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিন উদ্দিন। সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল হক আজিম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. লুৎফুন্নেছা।

 

বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পরিবার, সমাজসহ সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৪৬ ● ১৫ বার পঠিত